বডি ওয়াশ বা সাবান দিয়ে শরীরের ওপরের অংশ পরিষ্কার হয় ঠিকই, কিন্তু রোমকূপের ভেতরের জমে থাকা ময়লা পরিষ্কার করতে প্রয়োজন বডি স্ক্রাব। এছাড়াও ত্বকের ওপরের মৃত কোষ, কালচে ভাব ও সান ট্যান দূর করে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে তুলতে বডি স্ক্রাবের কোনো তুলনা হয় না। আর দারুণ ব্যাপার হলো, এর জন্য দামী কোনো প্রোডাক্টের দরকার নেই। আপনি বাড়িতেই সহজ কিছু উপকরণ দিয়ে এই স্ক্রাব তৈরি করতে পারবেন। কিভাবে বডি স্ক্রাব তৈরি করতে হবে আসুন জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ :
- ১ কাপ চিনি
- ৩ টেবিল চামচ চারকোল পাউডার
- ২ টেবিল চামচ নারকেল তেল
- ১ টেবিল চামচ মধু
১. চিনির উপকারিতা :
চিনির দানা প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, যা ত্বক থেকে মৃত কোষগুলিকে সরিয়ে ত্বককে নরম ও মসৃণ করে তোলে। এটি গ্লাইকোলিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করে, যা ত্বকের নতুন কোষ গঠনে সাহায্য করে এবং বলিরেখা কমায়। এটি ত্বকের কালো দাগ বা ট্যান দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও চিনি একটি প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট, যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নেয় এবং ত্বককে হাইড্রেটেড রাখে। বডি স্ক্রাব হিসেবে চিনি ব্যবহার করলে ত্বক শুষ্ক এবং খসখসে হয় না।
২. চারকোল পাউডার-এর উপকারিতা :
চারকোল পাউডার ত্বকের ওপরের ও রোমকূপের গভীরে জমে থাকা ময়লা চুম্বকের মতো টেনে বের করে আনে, যা ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এছাড়াও চারকোল পাউডার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে ও মৃত কোষ দূর করতে খুবই কার্যকরী।
৩. নারকেল তেলের উপকারিতা :
নারকেল তেল একটি খুব ভালো ময়েশ্চারাইজার। স্ক্রাব করার ফলে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যেতে পারে, নারকেল তেল সেই রুক্ষতা দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে ও ত্বককে নরম আর মসৃণ করে তোলে।
৪. মধুর উপকারিতা :
মধু একটি খুব ভালো হিউমেক্ট্যান্ট যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এছাড়া মধু তে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের রোমকূপের ভেতরের জমা ময়লা ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। স্ক্রাব হিসেবে মধুর ব্যবহার করলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা ত্বককে প্রাকৃতিক ভাবে পরিষ্কার ও উজ্জ্বল করে তুলতে সহায়তা করে।
বডি স্ক্রাব তৈরির পদ্ধতি :
প্রথমে একটি বাটিতে ১ কাপ চিনি নিয়ে নিন। এবার এতে ৩ টেবিল চামচ চারকোল পাউডার, ২ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ মধু যোগ করে ভালো করে মিশিয়ে থকথকে পেষ্ট বানিয়ে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণ টি যেন খুব পাতলা না হয়ে যায়। এবার একটি পরিষ্কার শুকনো কাচের জার-এ মিশ্রণ টি ভরে নিলেই তৈরি হয়ে যাবে চারকোল বডি স্ক্রাব।
ব্যবহারের পদ্ধতি :
স্নানের সময় প্রথমে জল দিয়ে শরীর ভিজিয়ে নেবেন। তারপর নির্দিষ্ট পরিমাণ বডি স্ক্রাব নিয়ে পুরো শরীরে লাগিয়ে নেবেন। এরপর হালকা হাতে প্রায় ৪-৫ মিনিট ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর শরীর মুছে নিয়ে আপনার পছন্দের কোনো বডি লোশন বা বডি অয়েল লাগিয়ে নেবেন।
সংরক্ষণ পদ্ধতি :
এই চারকোল বডি স্ক্রাব টি আপনি একবার বানিয়ে প্রায় ১২-১৫ দিনের জন্য ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন।
বডি স্ক্রাব সপ্তাহে কতদিন ব্যবহার করা যাবে ?
বডি স্ক্রাবের ব্যবহার সপ্তাহে ১-২ দিন করা যেতে পারে।
আরও পড়ুন : নরম মসৃণ টানটান ত্বকের জন্য গ্রিন টি টোনার




